প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
গাজীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে প্রবেশ করা এক ব্যক্তি প্রকৃতপক্ষে অন্যের পরিচয়ে কারাভোগ করছিল-এমন চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে।
কারা সূত্র জানায়, হাজতি নম্বর ১৮১০/২৬ মো. রাজিব (২৬), পিতা মো. রজব আলী চৌকদার, সাং আড়িয়া, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ-টঙ্গী পূর্ব থানার একটি মাদক মামলায় গত ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে আগমন করে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বকশিবাজার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এ তথ্য গণমাধ্যমকে অবগত করেন।
পরবর্তীতে গত ৩১ জানুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ প্রেরণ করা হয়।
কারাগারের অনলাইন সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা যায়, ওই বন্দির প্রকৃত নাম মো. আজিজুল হক, পিতা বাচ্চু মিয়া, সাং কুড়িমারা, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে বন্দি নিজেই স্বীকার করে যে, তার আসল নাম আজিজুল হক। সে টাকার লোভে পড়ে মো. রাজিবের পরিবর্তে সাজা ভোগ করতে কারাগারে এসেছে।
ঘটনাটি নিয়ে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
