প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম
পাকিস্তানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে হুমকির মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। তবে তার এই মূল্যায়নের সঙ্গে একমত নন অনেক বিশেষজ্ঞ।
মার্কিন সিনেটে উপস্থাপিত ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। আলজাজিরার এক প্রতিবেদনে গ্যাবার্ড বলেন, ‘পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। যা ভবিষ্যতে আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রে রূপ নিতে পারে এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করার সক্ষমতাও অর্জন করতে পারে।’
তিনি আরো বলেন, ‘এ তালিকায় পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানসহ আরো কয়েকটি দেশ উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে।’
তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা ভিন্নমত পোষণ করেছেন। তাদের মতে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামরিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রকে সরাসরি লক্ষ্য করার মতো সুস্পষ্ট সক্ষমতা এখনো পাকিস্তান অর্জন করেনি।
বিশ্লেষকদের মতে, ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে এমন হুমকি মূল্যায়ন করা হলেও তা তাৎক্ষণিক বা সরাসরি ঝুঁকি হিসেবে বিবেচনা করা ঠিক নয়। বরং এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে অপ্রয়োজনীয় ভূরাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে।
