প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর আফগানিস্তানে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। বুধবার গভীর রাতে দেশটির তালেবান প্রশাসন এ ঘোষণা দেয়। আফগান বার্তা সংস্থা খামা প্রেস এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
আফগানিস্তানের সর্বোচ্চ আদালতের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের হেলমান্দ এবং পশ্চিমাঞ্চলের ফারাহ ও গোর প্রদেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য যাচাই-বাছাই শেষে সরকারি চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যান্য দেশের সঙ্গে তারিখে ভিন্নতা
আফগানিস্তানের এই ঘোষণার ফলে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে ঈদের তারিখে পার্থক্য দেখা দিয়েছে। সৌদি আরব জানিয়েছে, বুধবার সেখানে চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ উদযাপন করা হবে। একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও কুয়েত।
এছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে শুক্রবার ঈদ নির্ধারণ করেছে। একই দিনে ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ও ইরাকেও ঈদ উদযাপিত হবে।
কেন তারিখ ভিন্ন হয়
দেশভেদে ঈদের তারিখ ভিন্ন হওয়ার মূল কারণ হলো চাঁদ দেখার পদ্ধতির পার্থক্য। কিছু দেশ সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে, আবার কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণ করে।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে আফগানিস্তান সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের তারিখ নির্ধারণ করত। তবে সাম্প্রতিক সময়ে দেশটি নিজস্ব পদ্ধতি ও ধর্মীয় সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিচ্ছে।
সূত্র: খামা প্রেস এজেন্সি, আনাদোলু এজেন্সি
