প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম
দেশের সংসদীয় কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য একাধিক মন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ ব্যবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে দায়িত্ব বণ্টনের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম তদারকি করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের একটি পূর্ণাঙ্গ তালিকাও প্রজ্ঞাপনে সংযুক্ত করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ মোট ২৫ জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব বণ্টনের বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
সরকারের মতে, এই পদক্ষেপের ফলে সংসদীয় কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। বিশেষ করে প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন এবং আলোচনায় সরকারের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।
