শনিবার ২১, মার্চ ২০২৬

শনিবার ২১, মার্চ ২০২৬ -- : -- --

নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে সান্তাহার থেকে চিলাহাটি, পঞ্চগড় ও সৈয়দপুর রুটে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ছাদে থাকা অনেক যাত্রী ছিটকে পড়ে আহত হয়েছেন। ট্রেনটিতে স্বাভাবিকের তুলনায় বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেসটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে। সেখান থেকে ছেড়ে যাওয়ার অল্প সময় পরই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ চলছে।

অন্যদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, তবে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

রেল কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি