প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
টাঙ্গাইলে (মির্জাপুরে) বিকেল সোয়া তিনটা থেকে ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেকের শিলাবৃষ্টিতে এখনো হতাহতের খবর পাওয়া না গেলেও অনেক বাড়ির টিনেরচালা ছিদ্র হওয়া, আমের মুকুল ঝরে যাওয়াসহ শস্যক্ষেতের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে বুধবার (১৮ মার্চ) সকালে দেওয়া ১২০ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঝড়, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
