প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের অসংলগ্ন ও মানহানিকর মন্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। তার পদত্যাগের দাবিতে একাট্টা হয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কোনো বিপিএল দলই টিম হোটেল ছাড়েনি। ফলে দিনের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আজ দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় বিপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কোয়াবের কর্মসূচির অংশ হিসেবে ক্রিকেটাররা হোটেলেই অবস্থান করেন এবং মাঠে যাওয়ার প্রস্তুতি নেননি।
এর আগে বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক ভিডিও কনফারেন্সে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন কড়া অবস্থানের কথা জানান। তিনি বলেন, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত অথবা তাকে বোর্ড থেকে অপসারণ না করা হলে বিপিএলে অংশ নেবেন না ক্রিকেটাররা।
মূলত নাজমুল ইসলামের ধারাবাহিক বিতর্কিত বক্তব্য থেকেই এই সংকটের সূত্রপাত। গণমাধ্যমে ক্রিকেটারদের পারিশ্রমিক প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটাররা খারাপ খেললেও তাদের বেতন বা ফি কাটা হয় না। তাহলে বিশ্বকাপে দল না গেলে তারা কেন ক্ষতিপূরণ চাইবে?’ একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘বোর্ড হলো শরীর, ক্রিকেটাররা হাত। শরীর না থাকলে হাতের কোনো কাজ থাকে না।’
এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে তামিম ইকবালের একটি মন্তব্যকে কেন্দ্র করে ফেসবুকে তাকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন নাজমুল ইসলাম। এসব বক্তব্যে ক্ষুব্ধ হয়ে কোয়াব সভাপতি বলেন, ‘প্রথমে একজন ক্রিকেটারকে আঘাত করা হয়েছে, এখন পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হচ্ছে। এতে সবাই গভীরভাবে আহত।’
এদিকে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাজমুল ইসলামের বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা ক্রিকেটের চেতনার পরিপন্থী। বোর্ড এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে বোর্ডের এই অবস্থানেও সন্তুষ্ট নন ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার সিদ্ধান্তে অনড় থেকে তারা এখনো টিম হোটেলেই অবস্থান করছেন।
