বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম

ছবি: সংগৃহীত

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) চলমান উত্তেজনার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া অনুকূল নয়।” পরিস্থিতির সমাধান এবং দ্রুত স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে হিজাব ও নিকাব পরায় মুসলিম শিক্ষার্থীদের অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে।

একই সঙ্গে আওয়ামী রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়। তবে দুই শিক্ষককে বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এর আগে ১৮ জানুয়ারি শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হিজাব ও নিকাব পরার কারণে ক্লাসে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান করা হয়েছে, তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং ইসলামের বিধান নিয়ে কটূক্তি করা হয়েছে। পাশাপাশি নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ সৃষ্টি এবং পরীক্ষায় বৈষম্যমূলক গ্রেডিংয়ের অভিযোগও তোলা হয়। শিক্ষার্থীরা দাবি করেন, এসব ঘটনার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি