বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

এবারের নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

ছবি: সংগৃহীত

১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৫ শতাংশ। এবার সেই হার ৫৫ শতাংশের বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো নির্বাচনই শান্তিপূর্ণভাবে করা যায়নি। কোনো না কোনো ঝামেলা ছিল। এবার এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “বিশ্বাসযোগ্য নির্বাচন করা গুরুত্বপূর্ণ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিদেশিদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

ভোট নিয়ে জনমনে দ্বিধাদ্বন্দ্বের বিষয়টি উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, “হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত-এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। আর পরে বিএনপির চেয়ারম্যান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন।” তিনি আরও বলেন, “হ্যাঁ ভোটে মানুষ ভোট দেবে দলের কথা শুনে। এখন বড় বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে আমার মনে হয়।”

পাসপোর্ট প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য এরইমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে আমি এখনো পাসপোর্ট হস্তান্তর করিনি।”

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি