শনিবার ১৪, ফেব্রুয়ারি ২০২৬

শনিবার ১৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

বিএনপির ভূমিধস বিজয়, বিরোধীদল জামায়াত

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম

ছবি: সংগৃহীত

ইতিহাসসেরা ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক আসন লাভ করে সংসদের প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে।

কেন্দ্রীয়ভাবে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি পেয়েছে ২০৭টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে এনসিপি পেয়েছে ৬টি। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ১২টি আসনে। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়; প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। শেরপুর-২, চট্টগ্রাম-৪ ও ৬ আসনের ফল মামলা-সংক্রান্ত জটিলতায় স্থগিত রয়েছে।

এ নির্বাচনের সঙ্গে সংস্কারবিষয়ক একটি গণভোটও অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭৫ শতাংশের বেশি। সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬১ শতাংশ। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে গণনা করে রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ নির্বাচনকে অনেক ভোটার ‘ঈদ উৎসবের’ সঙ্গে তুলনা করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ইতিহাসে এটি সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন। তিনি একে নতুন বাংলাদেশের যাত্রার সূচনা হিসেবে আখ্যায়িত করেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হয়েছেন। বগুড়া-৬ আসনে তিনি বিপুল ব্যবধানে জয় পেলেও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে জয়লাভ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

রাজধানীর কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল বিশেষভাবে আলোচিত। ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুল হক পরাজিত হন; সেখানে জামায়াত-সমর্থিত প্রার্থী বিজয়ী হন। ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়েও নির্বাচন কমিশনে আপত্তি জানানো হয়েছে।

দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যায় বিজয়ী হয়েছেন। রংপুর, বগুড়া, খুলনা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে বিএনপি এগিয়ে থাকলেও রাজধানীর কয়েকটি আসনে জামায়াত তুলনামূলক ভালো ফল করেছে।

প্রথমবারের মতো বড় পরিসরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন—এর মধ্যে প্রবাসী ৪ লাখ ৭১ হাজার ৯৭৩ জন এবং দেশের অভ্যন্তরে ৬ লাখ ১ হাজার ৫২৪ জন। মোট ভোটের প্রায় ১ শতাংশ পোস্টাল ব্যালটে প্রদান করা হয়েছে।

নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বিএনপি নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে। জামায়াতও নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি